চীনের টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে বাংলাদেশে

১৯ জুলাই, ২০২০ ২৩:৪০  
বাংলাদেশে চীনের সিনোভেক কোম্পানির তৈরি নতুন করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। আগামী ১৮ মাস ধরে দেশের স্বাস্থ্যকর্মীদের উপর এই টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ হবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) দেশের সাতটি হাসপাতালের ২১,০০০ জন স্বাস্থ্যকর্মীর উপর এর ট্রায়াল চালাবে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) সূত্রে জানা যায়, আইসিডিডিআর,বি দেশের সাতটি হাসপাতালে টিকা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়েছে। অধিদপ্তর অনুমোদন দিলে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট-২ এবং ঢাকা মহানগর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপর টিকা প্রয়োগ করা হবে।